দেশে ৬ ধরনের শিশু টিকার তীব্র সংকট: ঝুঁকিতে লাখো শিশু

দেশে ৬ ধরনের শিশু টিকার তীব্র সংকট: ঝুঁকিতে লাখো শিশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রতি বছর দেশে জন্ম নেয় ৪০ লাখের বেশি শিশু। তাদের সুরক্ষায় ১২টি রোগ প্রতিরোধে নয় ধরনের টিকা দেওয়া হয়। জন্মের পর থেকে ১৫ মাস বয়স পর্যন্ত শিশুরা এসব টিকা পায়। তবে বর্তমানে হাম-রুবেলা, পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া-ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস-বি—এই ৬ ধরনের টিকার মজুত ফুরিয়ে গেছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তর দাবি করেছে, এসব টিকা এখনও মাঠ পর্যায়ে রয়েছে।

মূলত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্ল্যান (ওপি) বাতিল হলে এই সংকট তৈরি হয়। এতে দেশের বিভিন্ন এলাকায় অনেক শিশু টিকা থেকে বঞ্চিত হচ্ছে এবং টিকাদানের হার কমে গেছে। পরবর্তীতে টিকার জন্য বিশেষ বরাদ্দ হিসেবে ১ হাজার কোটি টাকা দেওয়া হয়, যার মধ্যে শিশুদের টিকার জন্য রাখা হয় ৮৪২ কোটি টাকা। সরাসরি কেনার পাশাপাশি টেন্ডারের মাধ্যমেও টিকা কেনার সিদ্ধান্ত হয়। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া শেষ করা এবং আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান জানান, আগে টিকাগুলো সরাসরি ইউনিসেফের কাছ থেকে কেনা হতো। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে অর্ধেক ইউনিসেফ এবং অর্ধেক ওপেন টেন্ডারের মাধ্যমে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই নীতি পরিবর্তনের ফলে রাষ্ট্রীয়ভাবে একটি জটিলতা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, আগের সিদ্ধান্ত বাতিল হলেও কোনো বিকল্প ব্যবস্থা রাখা হয়নি, যার ফল এখন ভোগ করতে হচ্ছে। বর্তমানে আবারও সরাসরি ক্রয়ের পরিকল্পনা চলছে যাতে দ্রুত ভ্যাকসিন মজুত করা যায় এবং সংকটাপন্ন এলাকায় পাঠানো সম্ভব হয়। উল্লেখ্য, এরই মধ্যে সারাদেশে হামের প্রকোপ শুরু হয়েছে এবং প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন