‘মদিনা সনদ’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পথে সরকার: সংসদে আইনমন্ত্রীর প্রস্তাব

‘মদিনা সনদ’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পথে সরকার: সংসদে আইনমন্ত্রীর প্রস্তাব
সংসদ প্রতিবেদক, ঢাকা: জাতীয় সংসদে সংবিধান সংস্কার এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের পথরেখা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। 

তিনি জানিয়েছেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে, আজ (মঙ্গলবার) নির্ধারিত বিশেষ আলোচনার আগে সংসদ সদস্যদের মাঝে ‘মদিনা সনদ’সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বই ও নথিপত্র সরবরাহের প্রস্তাব দিয়েছেন তিনি।

গত রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার ও জুলাই সনদ নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের প্রেক্ষিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এই প্রস্তাব দেন।

আইনমন্ত্রী বলেন, "আমরাও চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হোক এবং আমরা সেই পথ ধরেই হেঁটে চলেছি। আমরা দেখাতে চাই যে, জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি ধারা ও উপধারা ধরে আমরা কীভাবে এগিয়ে চলেছি। একই সঙ্গে, ইতিমধ্যে আপনারা জুলাই সনদের কোন কোন ধারা লঙ্ঘন করেছেন, সেটাও আমরা উপস্থাপন করতে চাই। এটি নিয়ে সংসদে বিতর্ক হওয়া প্রয়োজন।"

তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "এই অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয়টি আলোচনার জন্য আপনি একটি সময় নির্ধারণ করে দিন। আমি অনুরোধ করব, এই আলোচনার আগে সংসদ সদস্যদের মাঝে চারটি বই ও নথি সরবরাহ করা হোক।"

আইনমন্ত্রী যে বিষয়গুলো সরবরাহের কথা বলেছেন:
১. মদিনা সনদ
২. হব্‌স, লক ও রুশোর ‘সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি’র (সামাজিক চুক্তি তত্ত্ব) ওপর বই
৩. ১৯৭২ সালের গণপরিষদ আদেশ
৪. বাংলাদেশের সংবিধান রচিত হওয়ার আগের প্রেক্ষাপট সংবলিত বই

আইনমন্ত্রীর ওই বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার আজ (৩১ মার্চ, মঙ্গলবার) এই বিষয়ের ওপর দুই ঘণ্টার বিশেষ আলোচনার দিন ধার্য করেন। উল্লেখ্য, আইনমন্ত্রীর প্রস্তাবে ‘মদিনা সনদ’ এবং ‘সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি’র উল্লেখ থাকায় সংবিধান সংস্কারের আজকের আলোচনাটি যে তাত্ত্বিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে হতে যাচ্ছে, তা স্পষ্ট হয়ে উঠেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন