গাজীপুরে অবৈধভাবে মজুত ৩৪ হাজার লিটার তেল উদ্ধার

গাজীপুরে অবৈধভাবে মজুত ৩৪ হাজার লিটার তেল উদ্ধার

রেজাউল করিম মজুমদার, গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ‘তেল নেই’ অজুহাতে সাধারণ গ্রাহকদের ফিরিয়ে দেওয়া একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) কোনাবাড়ীর বাইমাইল এলাকায় অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে এই ঝটিকা অভিযান পরিচালনা করে।

অভিযানে ফিলিং স্টেশনটি থেকে মোট ৩৩ হাজার ৯৪০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত তেলের মধ্যে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দেখা যায়, স্টেশনে পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছিল।

গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস এ বিষয়ে জানান, দেশের স্বার্থে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, জনস্বার্থে বিজিবির এই ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ঘটনায় সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ম্যানেজার মো. হেলালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন