ইউএনও অফিসে অভিযোগ দেওয়ায় শিবপুরে বসতবাড়িতে হামলা

ইউএনও অফিসে অভিযোগ দেওয়ায় শিবপুরে বসতবাড়িতে হামলা

সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অভিযোগ দেওয়ায় এক ভুক্তভোগী পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামে ঘটে যাওয়া এই হামলায় নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।

ঘটনার বিবরণে জানা যায়, ধনাইয়া গ্রামের সামসুল হক সরকারের সাথে একই এলাকার মামুন ও হানিফ মেম্বার গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। প্রতিকার পেতে সামসুল হক ইউএনও অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই জেরে গত ২৪ মার্চ মঙ্গলবার বিকেলে বিবাদী মামুন (৩৫), সোহান (২০), বাচ্চু মিয়া (৫০), রবিন (৩০), হানিফা মেম্বার (৫০), আকিরুল মিয়া, হাবিব মিয়া ও সুমন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।

ভুক্তভোগী সামসুল হক সরকার অভিযোগ করেন, মামুন ও হানিফ মেম্বারের নেতৃত্বে পরিকল্পিতভাবে তাদের বাড়িতে ঢুকে মহিলাদের এলোপাতাড়ি মারধর ও শ্লীলতাহানি করা হয়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে তছনছ করে এবং ঘরে থাকা স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। বর্তমানে তারা হামলাকারীদের ভয়ে বাড়িছাড়া অবস্থায় রয়েছেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। হামলায় আহতদের উদ্ধার করে স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই বিষয়ে শিবপুর থানা সূত্র জানিয়েছে, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এক পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে এবং অন্য পক্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। অন্যদিকে, বিবাদীর নিকটতম স্বজনরা জানিয়েছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন