জেলা পরিষদ প্রশাসকদের প্রতি যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

জেলা পরিষদ প্রশাসকদের প্রতি যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদ প্রশাসকদের সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার (৩০ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পরিষদের কোনো কাজের মাধ্যমে যেন সরকার বা দল বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে। দ্রুতই পরিষদের নির্বাচন হবে এমন আভাস দিয়ে তিনি জনগণের আস্থা বাড়ানোর পরামর্শ দেন।

বৈঠকে জেলা পরিষদ প্রশাসকরা বাজেট বৃদ্ধির দাবি জানালে প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দেন, এই মুহূর্তে বাজেট বাড়ানো সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, "বিগত ১৭ বছরে লুটপাট করে অর্থনীতিকে ফতুর করে দেওয়া হয়েছে। বর্তমানে বৈশ্বিক পরিস্থিতির কারণে তেলের বাজার অস্থির হলেও আমরা দাম বাড়াইনি। এই সীমিত সম্পদের মধ্যেই স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সর্বোচ্চ কাজ করতে হবে।"

প্রশাসকদের এই দায়িত্ব দীর্ঘমেয়াদী নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী আভাস দেন যে, দ্রুতই জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিরাই এই দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, "বিগত বছরগুলোতে জেলা পরিষদ একটি নির্জীব ও নিষ্ক্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। আপনাদের কাজের মাধ্যমে এই প্রতিষ্ঠানের হারানো সুনাম ফিরিয়ে আনতে হবে এবং নিজেদের পারফরম্যান্স দেখানোর সুযোগ কাজে লাগাতে হবে।"

বৈঠক শেষে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স গণমাধ্যম-কে বলেন, "প্রধানমন্ত্রী আমাদের স্পষ্ট বলেছেন, আপনাদের যে দায়িত্ব দেয়া হয়েছে তা শতভাগ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন। আপনারা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করবেন কল্যাণমূলক কাজ দিয়ে।" তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তেলের বাজার স্থিতিশীল রাখার আপ্রাণ চেষ্টার কথা উল্লেখ করেছেন।

অন্যদিকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া গণমাধ্যম-কে বলেন, "আমরা বাজেটের কথা বললে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীরা দেশের সামগ্রিক অবস্থার কথা তুলে ধরেছেন। সীমিত বাজেটের মধ্যে আমাদের সর্বোচ্চ কাজের চেষ্টা করতে হবে।"

বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান গণমাধ্যম-কে জানান, তিনি বৈঠকে জেলা পরিষদ চেয়ারম্যানদের জন্য সম্মানজনক পদমর্যাদা এবং রাজস্ব খাতের বাজেট অনুমোদনে আমলাতান্ত্রিক জটিলতা পরিহারের দাবি তুলেছেন। জবাবে প্রধানমন্ত্রী একে ‘গুরুত্বপূর্ণ বিষয়’ হিসেবে অভিহিত করলেও এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি বলে জানান।

বৈঠকের গুরুত্ব ও প্রধানমন্ত্রীর নির্দেশনার বাস্তবায়ন প্রসঙ্গে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খাঁন বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে দিকনির্দেশনা দিয়েছেন, তা তৃণমূল পর্যায়ে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করতে অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে জেলা পরিষদকে একটি গতিশীল ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করার যে লক্ষ্য তিনি নির্ধারণ করে দিয়েছেন, তা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। কিশোরগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে আমরা স্বচ্ছতা নিশ্চিত করে এবং সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।"

ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উল্লেখ্য, নিয়োগপ্রাপ্ত ৪২ জন প্রশাসকের মধ্যে গত জাতীয় নির্বাচনে অংশ নেওয়া বিএনপির অন্তত আটজন প্রভাবশালী নেতা রয়েছেন।

মন্তব্য করুন