ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চালকের অসতর্কতা ও বেপরোয়া আচরণের কারণে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন প্রায় ৮০ জন শিক্ষার্থী।
সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কোটবাড়ি-বেলতলী সড়কে এই ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নীল রঙের একটি বাস (নং: ১১-০০০৪) পুলিশ লাইনের উদ্দেশ্যে যাওয়ার পথে বেলতলী থেকে কোটবাড়ি আসার সময় ‘লাল-সবুজ’ পরিবহনের একটি বাসের সাথে ঘষা লাগে। এতে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাসে থাকা শিক্ষার্থীরা জানান, কুবি বাস চালক সুমন দাস উত্তেজিত হয়ে লাল-সবুজ পরিবহনের চালককে মারধর শুরু করেন, যা সড়কে চরম বিশৃঙ্খলা ও বাকবিতণ্ডার সৃষ্টি করে।
শিক্ষার্থীদের অভিযোগ, মারধরের পর পরিস্থিতি শান্ত না করে চালক সুমন দাস পুনরায় বেপরোয়া গতিতে বাস চালানো শুরু করেন এবং চলন্ত অবস্থায় আবারও বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি অপর বাসের লুকিং গ্লাস ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। চালকের এমন অপেশাদার ও দায়িত্বহীন আচরণে বাসে থাকা প্রায় ৮০ জন শিক্ষার্থী চরম নিরাপত্তার ঝুঁকিতে পড়েন এবং আতঙ্কিত হয়ে দ্রুত বিচার দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত বাস চালক সুমন দাস জানান, রাস্তায় হঠাৎ অন্য বাসটি খুব কাছাকাছি চলে আসায় নিয়ন্ত্রণ রাখতে সমস্যা হয়েছে এবং পরবর্তীতে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি।
কুবি পরিবহন পুলের সহকারী সচিব মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, “উক্ত চালকের বিরুদ্ধে এর আগেও এই ধরনের আচরণের অভিযোগ উঠেছে। তবে শিক্ষার্থীরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত অভিযোগ না দেওয়ায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। শিক্ষার্থীরা অভিযোগ দিলে আমরা অবশ্যই আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।”
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ