জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা হতে পারে আজ

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা হতে পারে আজ

নিজেস্ব প্রতিবেদক, ঢাকা: বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে আজ মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করতে পারে সরকার। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সচিবালয়ে আজ তিনি জানান, ৩০ মার্চ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুত রয়েছে। এর মধ্যে ডিজেল ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন। এই মজুত দিয়ে প্রায় ১৫ থেকে ১৬ দিন চাহিদা মেটানো সম্ভব।

তিনি আরও বলেন, এপ্রিল মাসে প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল দেশে আসবে, ফলে জ্বালানি সংকটের আশঙ্কা নেই। দেশের মোট চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি ও গণপরিবহনে ব্যবহৃত হয়।

জ্বালানি সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো উদ্যোগও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বলেও আশ্বস্ত করেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন