গোপালগঞ্জের প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

গোপালগঞ্জের প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

হেলাল মুন্সী, গোপালগঞ্জ : জ্বালানি সংকট মোকাবিলা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। জেলার প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে, যাতে জ্বালানি তেল বিক্রি ও বিতরণে কোনো ধরনের অনিয়ম না ঘটে। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

জেলা প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জ্বালানির সঠিক বণ্টন নিশ্চিত করা, অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধ করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আনা। নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা নিয়মিত ফিলিং স্টেশনগুলো পরিদর্শন করে জ্বালানি সরবরাহ ও বিক্রির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তারা প্রতিদিনের জ্বালানি আমদানি, মোট বিক্রির পরিমাণ এবং বর্তমান মজুতের সঠিক হিসাব সংরক্ষণ করছেন।

পর্যবেক্ষণকালে কোনো ধরনের কারচুপি বা অনিয়ম পরিলক্ষিত হলে ট্যাগ অফিসাররা তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে অবহিত করছেন। একই সাথে সরকার নির্ধারিত সঠিক মূল্যে জ্বালানি বিক্রি হচ্ছে কি না, তাও নিশ্চিত করছেন তারা। বিশেষ করে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন যেমন—অ্যাম্বুলেন্স, কৃষি যন্ত্রপাতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনো ফিলিং স্টেশনে কৃত্রিম সংকট তৈরি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। তারা আশা করছেন, এই নজরদারির ফলে জ্বালানি নিয়ে জনভোগান্তি দ্রুত লাঘব হবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন