নবনিযুক্ত ৪২ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

নবনিযুক্ত ৪২ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সাথে বিশেষ বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। গত ১৫ মার্চ সরকারের পক্ষ থেকে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়ার পর এটিই ছিল প্রধানমন্ত্রীর সাথে তাদের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

রাত সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ে পৌঁছালে বৈঠকের কার্যক্রম শুরু হয়। সভায় প্রধানমন্ত্রী জেলা পরিষদের প্রশাসকদের মাঠ পর্যায়ে কার্যকরভাবে কাজ করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি স্থানীয় সরকার কাঠামোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূল পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার আহ্বান জানান। একই সাথে জনসেবা নিশ্চিতের বিষয়ে নবনিযুক্ত প্রশাসকদের কঠোরভাবে নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী প্রশাসকদের মনে করিয়ে দেন যে, জনকল্যাণমূলক কাজে কোনো প্রকার স্থবিরতা বরদাশত করা হবে না এবং স্বচ্ছতার সাথে সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

বি.নি/সকালবেলা

মন্তব্য করুন