বরগুনায় ‘হাতপাখা’র ইতিহাস: প্রথম সংসদ সদস্য পেল ইসলামী আন্দোলন

বরগুনায় ‘হাতপাখা’র ইতিহাস: প্রথম সংসদ সদস্য পেল ইসলামী আন্দোলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. অলি উল্লাহ। বাংলাদেশের সংসদীয় নির্বাচনের ইতিহাসে এই প্রথম দলটির কোনো প্রার্থী সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, হাতপাখা প্রতীক নিয়ে অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৪ হাজার ১৭৫ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে পরাজিত করে অলি উল্লাহ এই ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেন।

বরগুনার এই আসনে মোট ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন ভোটারের মধ্যে এবার নতুন ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি এবং ভোটারদের পরিবর্তনের আকাঙ্ক্ষাই এই অভাবনীয় ফলাফলের মূল কারণ। বিজয়ের পর অলি উল্লাহ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার করেছেন।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন