বিজিবির বাধা: পুশইনে ব্যর্থ হয়ে ৩ ভারতীয়কে ফেরত নিল বিএসএফ
বিশেষ প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও তীব্র প্রতিবাদের মুখে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে পুশইনের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা তিন যুবককে শেষ পর্যন্ত ফেরত নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে সীমান্তের শূন্যরেখা থেকে তাদের ভারতে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২৭৬-এর পাশ দিয়ে বিএসএফ সদস্যরা ৩ যুবককে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় সীমান্তবর্তী গ্রামবাসী ও বিজিবির টহল দল তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে। ফলে বিএসএফের পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং যুবকদের শূন্যরেখায় আটকে রাখে বিজিবি।
ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে থমথমে পরিস্থিতি ও উত্তেজনা সৃষ্টি হলে বিজিবি তাৎক্ষণিক সীমান্ত টহল জোরদার করে কড়া অবস্থান নেয়। পরবর্তীতে বিজিবির আহবানে বিএসএফের সাথে অনুষ্ঠিত ক্যাম্প কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে কড়া প্রতিবাদ জানানো হয়। এর প্রেক্ষিতে বিএসএফ সদস্যরা শূন্যরেখায় অবস্থানরত ওই তিন যুবককে ভারতে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়।
সীমান্তের নিরাপত্তায় নিয়োজিত নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গভীর রাতে বিএসএফ সদস্যরা শূন্যরেখায় থাকা ৩ যুবককে ফেরত নিয়ে গেছে। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে।
এআইএল/সকালবেলা