কিশোরগঞ্জে ভোটকেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ
মোঃ মাইনুল হক (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরের ৬ নম্বর কিশোরগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ‘পুষনা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ভোটকেন্দ্রটি স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে এবং কেন্দ্রটি পূর্বের স্থানে বহাল রাখার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল প্রদর্শন শেষে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পুষনা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি এলাকার ভৌগোলিক কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় নারী, পুরুষ ও প্রতিবন্ধী ভোটারদের জন্য যাতায়াত অত্যন্ত সহজ ও নিরাপদ। কিন্তু প্রস্তাবিত নতুন কেন্দ্রটি ভোটারদের বসতি থেকে অনেক দূরে ও এক প্রান্তে অবস্থিত। সেখানে যাওয়ার রাস্তাঘাট অনুন্নত হওয়ায় যাতায়াতে সাধারণ ভোটারদের চরম ভোগান্তি পোহাতে হবে। তারা আরও উল্লেখ করেন, অতীতে এই কেন্দ্রে সবসময় অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সচেতন ভোটারদের পক্ষে মোঃ আনারুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত আবেদনপত্র পেশ করেন। আবেদনের অনুলিপি রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা এবং কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়েও প্রেরণ করা হয়েছে। এলাকার প্রায় ১,১০০ জন ভোটারের স্বাক্ষর সংবলিত এই আবেদনের মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ সহজ রাখতে ভোটকেন্দ্রটি পুষনা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেই বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।
বিক্ষোভ ও মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী, আনারুল ইসলাম, সেলিম হোসেনসহ এলাকার শত শত অধিবাসী অংশগ্রহণ করেন।
যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, এলাকাবাসীর দাবির বিষয়টি তিনি লিখিতভাবে ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করবেন এবং কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা