শ্রীলঙ্কায় দুর্নীতির অভিযোগে রাজাপাকসের স্ত্রী গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ণ
শ্রীলঙ্কায় দুর্নীতির অভিযোগে রাজাপাকসের স্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: শিশুদের একটি হাসপাতালের জন্য সংগৃহীত অনুদানের অর্থ আত্মসাৎ ও অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসেকে (৭৩) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর নিজ বাসভবন থেকে দেশটির দুর্নীতিবিরোধী গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে। তিনি সাবেক বিতর্কিত প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের স্ত্রী।

তদন্তকারী কর্মকর্তারা জানান, ‘সিরিলিয়া সাভিয়া’ নামক একটি দাতব্য সংস্থার মাধ্যমে কলম্বোর লেডি রিজওয়ে শিশু হাসপাতালের জন্য বিশেষায়িত স্ক্যানার কেনার উদ্দেশ্যে প্রায় ১ কোটি শ্রীলঙ্কান রুপি (প্রায় ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার) অনুদান সংগ্রহ করা হয়। তবে চীনা সরকার পরবর্তীতে হাসপাতালটিতে স্ক্যানারটি অনুদান দোয় সংগৃহীত ওই অর্থ কোথায় কীভাবে ব্যবহৃত হয়েছে, তা নিয়ে আর্থিক দুর্নীতির সন্ধান মেলে।

তবে শিরান্থি রাজাপাকসে সব অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। মাহিন্দা রাজাপাকসের মুখপাত্র মনোজ গামাগে দাবি করেন, সংগৃহীত অর্থ সংস্থার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং কোনো প্রতারণার ঘটনা ঘটেনি। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর গ্রেপ্তার এড়াতে শিরান্থি আদালতে আগাম জামিনের আবেদন করলেও আগামী ১২ অক্টোবর শুনানির দিন ধার্য ছিল।

উলেখ্য, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন মাহিন্দা রাজাপাকসে। ২০২২ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে জনরোষের কারণে পরিবারসহ ক্ষমতাচ্যুত হন রাজাপাকসে ভ্রাতৃদ্বয়। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে দায়িত্ব নেওয়ার পর রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে স্থগিত থাকা একাধিক উচ্চপর্যায়ের দুর্নীতি মামলা পুনরায় সক্রিয় করা হয়। এর আগে চলতি বছরেই তাদের দুই ছেলে নামাল রাজাপাকসে ও ইয়োশিথা রাজাপাকসেকে পৃথক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

এআইএল/সকালবেলা