কটিয়াদীতে নিয়মবহির্ভূত ওষুধ বিক্রি, ফার্মেসিকে জরিমানা

প্রকাশ: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ণ
কটিয়াদীতে নিয়মবহির্ভূত ওষুধ বিক্রি, ফার্মেসিকে জরিমানা

মিজানুর রহমান (কটিয়াদী প্রতিনিধি): কিশোরগঞ্জের কটিয়াদীতে নিয়মবহির্ভূতভাবে ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ‘কবির মেডিসিন কর্নার’ নামে একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।

অভিযান সূত্রে জানা যায়, ফার্মেসিটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং নিয়মনীতি না মেনে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির সত্যতা মেলায় ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে ফার্মেসি কর্তৃপক্ষকে ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করার বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ ওষুধ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা