অবৈধ যৌনাচারে তরুণীর মৃত্যু, প্রেমিক শান্ত পাল আটক

প্রকাশ: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ণ
অবৈধ যৌনাচারে তরুণীর মৃত্যু, প্রেমিক শান্ত পাল আটক

ফজলে রাব্বি (কালিয়াকৈর প্রতিনিধি): গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকের ভাড়া বাসায় গিয়ে কয়েক দফা শারীরিক সম্পর্ক স্থাপনের পর অতিরিক্ত রক্তক্ষরণে এক তরুণীর (১৮) মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক শান্ত পালকে (২৭) পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে অভিযুক্ত যুবককে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর জেলহাজতে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে মৃত তরুণীর বাবা বাদী হয়ে সোমবার (৫ অক্টোবর) কালিয়াকৈর থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।

নিহত তরুণীর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায়। অন্যদিকে অভিযুক্ত আটক শান্ত পাল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর আহমাদনগর এলাকায় রাজ্জাক মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিগত তিন বছর ধরে বড় ভাইয়ের শ্যালিকার (মৃত তরুণী) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শান্তর। এরই ধারাবাহিকতায় রোববার সকালে ওই তরুণী নিজ বাড়ি ময়মনসিংহের ভালুকা থেকে কোচিংয়ে যাওয়ার কথা বলে বের হন। পরবর্তীতে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় পৌঁছালে প্রেমিক শান্তর সঙ্গে তার দেখা হয়। এরপর শান্ত ওই তরুণীকে নিজ ভাড়া বাসায় নিয়ে গিয়ে দিনভর কয়েক দফা শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় ওই তরুণী অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর প্রেমিক শান্ত নিজেই তরুণীর পরিবারকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করেন এবং ওই দিন রাতেই তরুণীর মরদেহ তাদের গ্রামের বাড়ি ভালুকায় নিয়ে যান। মরদেহ পৌঁছানোর পর স্বজনদের সন্দেহ হলে তারা শান্তকে আটকে রাখেন। পরবর্তীতে তরুণীর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। এতে উত্তেজিত হয়ে এলাকাবাসী শান্তকে পিটুনি দিয়ে ভালুকা থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা অভিযুক্ত যুবককে নিজেদের হেফাজতে নিয়ে আসে।

এআইএল/সকালবেলা