মাদারীপুরে ইয়াবাসহ তরুণী ও দুই ভাই গ্রেপ্তার
নাজমুল হাসান (মাদারীপুর প্রতিনিধি): মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক তরুণী ও দুই ভাইসহ মোট তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার ১নং শকুনী এলাকার পান্নু মুন্সির দুই ছেলে রিমন মুন্সি (২৯) ও আকাশ মুন্সি (৩০) এবং একই এলাকার মৃত রাকিব আলী মৃধার মেয়ে সামিয়া আক্তার ঊষা ওরফে ভুবন মোহনী (২৭)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, কলেজ রোড এলাকায় কতিপয় ব্যক্তি মাদক কেনাবেচা করছে— এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। অভিযানে ঘটনাস্থল থেকে এই তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে জেলায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা