নাগরপুরে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রিপন খান রবিন (নাগরপুর প্রতিনিধি): টাঙ্গাইলের নাগরপুরে বসতবাড়ির আঙিনা থেকে ৫টি সতেজ গাঁজা গাছসহ মো. রাসেল মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলামের দিকনির্দেশনায় মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে বিশেষ টিম গঠন করে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল মিয়া নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে এএসআই কাজল কুমার সূত্রধর ও এএসআই মো. সুমন হোসেনসহ সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সারাংপুর গ্রামে রাসেলের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বসতবাড়ির দক্ষিণ ভিটা থেকে রোপণকৃত ৫টি জীবন্ত ও সতেজ গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং রাসেলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৫টি গাঁজা গাছসহ গ্রেপ্তারকৃত রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এআইএল/সকালবেলা