বিএনপি নেতাদের হস্তক্ষেপে ঘোড়াশাল সার কারখানায় চাঁদাবাজি বন্ধ
মো. নুরনবী সানি (পলাশ প্রতিনিধি): নরসিংদীর ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি-তে সারবাহী ট্রাকে দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (৭ অক্টোবর) সকালে কারখানাটির ব্যাগিং সেকশনে সরেজমিনে উপস্থিত হয়ে নেতাকর্মী ও কারখানা প্রশাসন যৌথভাবে অবৈধ টাকা আদায় সম্পূর্ণ বন্ধের নির্দেশনা প্রদান করেন।
নেতৃবৃন্দ জানান, বিগত কয়েকদিন ধরে একটি অসাধু চক্র সারের ব্যাগিং সেকশনের শ্রমিক এবং সার পরিবহনকারী বিভিন্ন ট্রাক থেকে জোরপূর্বক ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত অবৈধ চাঁদা আদায় করে আসছিল। এ খবর পাওয়ার পরপরই পলাশ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দ্রুত এই চাঁদাবাজি প্রতিরোধে উদ্যোগ গ্রহণ করেন। উপস্থিত নেতৃবৃন্দ সার পরিবহনে যুক্ত ট্রাক চালক ও শ্রমিকদের উদ্দেশ্যে সাফ জানিয়ে দেন যে, সার লোড-আনলোডের ক্ষেত্রে কাউকে কোনো প্রকার অতিরিক্ত বা অবৈধ অর্থ প্রদান করা যাবে না। যদি কেউ চাঁদা দাবি করে, তবে তাকে তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আলামিন ভূঁইয়া, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতি, সার কারখানার জিএম (প্রশাসন) ফখরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট এম এ বাসেদ ও সাধারণ সম্পাদক মাসুদ খান উপস্থিত ছিলেন।
এছাড়া গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম ভূঁইয়া, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা