টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসআই আহত, আটক ২

প্রকাশ: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ণ
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসআই আহত, আটক ২

রেজাউল করিম মজুমদার (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ (৩৫) গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরের সাতাইশ-সুখিনগর খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থাতেও সাহসিকতার সাথে দুই চিহ্নিত ছিনতাইকারী শাওন ও সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় ছিনতাই দমনে গোপন সংবাদের ভিত্তিতে খরতৈল এলাকার সাতাইশ-সুখিনগরে এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে অভিযানে যায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত ছিনতাইকারী শাওন ও সাগর পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে এসআই হানিফ মাহমুদের বাঁ পায়ে সজোরে আঘাত করে। এতে তার পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। তবে রক্তভেজা অবস্থায়ও এসআই হানিফ ও সঙ্গীয় ফোর্স দুই ছিনতাইকারীকে শক্ত হাতে ধরে ফেলতে সক্ষম হন।

আহত এসআই হানিফ মাহমুদকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জীবনের তোয়াক্কা না করে অত্যন্ত সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন ওই কর্মকর্তা। অভিযুক্ত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। টঙ্গী পশ্চিম থানা সূত্রে জানানো হয়, আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও দ্রুত বিচার আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা