যৌন নির্যাতনের অভিযোগে ক্যাথলিক ধর্মীয় নেতার সাড়ে ৬ বছরের জেল
আন্তর্জাতিক ডেস্ক: ক্যাথলিক ধর্মযাজক থাকাকালে দুই তরুণ আদিবাসীকে যৌন নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক বিশপ ক্রিস্টোফার সন্ডার্সকে (৭৬) সাড়ে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) অস্ট্রেলিয়ার একটি জেলা আদালত তাকে এই সাজা প্রদান করেন। রায় অনুযায়ী, ২০৩১ সালের ফেব্রুয়ারি মাসের আগে তিনি প্যারোলে মুক্তির আবেদন করতে পারবেন না।
এর আগে ২০২০ সালে সন্ডার্সের বিরুদ্ধে প্রথম যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগের মুখে তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার ব্রুমের বিশপের পদ থেকে পদত্যাগ করেন। চলতি বছরের আগস্টে শুনানি শেষে একটি ধর্ষণ ও ১২টি যৌন নির্যাতনের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
আদালতের নথি অনুযায়ী, ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে সন্ডার্স ক্ষমতার অপব্যবহার করে দুই তরুণকে প্রলোভন দেখিয়ে নিজের কাছে আনতেন এবং গির্জার অর্থ ও সম্পত্তি ব্যবহার করে তাদের মদ্যপান করিয়ে যৌন নির্যাতন চালাতেন। রায় ঘোষণাকালে বিচারক মার্টিন ফ্লিন বলেন, "সন্ডার্স অসহায় তরুণদের সহায়তা করার নামে ক্ষমতার চরম অপব্যবহার করেছেন এবং তাদের দীর্ঘস্থায়ী মানসিক ও শারীরিক ক্ষতিসাধন করেছেন।"
রায়ের পর পার্থের আর্চবিশপ টিমোথি কস্টেলো এক বিবৃতিতে ভুক্তভোগীদের সাহসের প্রশংসা করে ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, পুলিশের পুনঃতদন্তের পর স্থগিত থাকা গির্জার নিজস্ব তদন্ত প্রক্রিয়াও পুনরায় চালু হবে। পাশাপাশি সন্ডার্সের বাকি ধর্মীয় পদবি ও যাজকীয় ক্ষমতা আনুষ্ঠানিকভাবে কেড়ে নিতে রোমের ভ্যাটিকান কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এআইএল/সকালবেলা