উত্তাল দিল্লি, রাহুল গান্ধীসহ কয়েকজন এমপি আটক
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে দিল্লির রাজপথ। নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচীকে কেন্দ্র করে পর পর দুই দিন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশি বাধার মুখে পড়েন।
বুধবার মিছিল থেকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও ডেরেক ও’ব্রায়েনসহ একাধিক সংসদ সদস্যকে আটক করে দিল্লি পুলিশ।
ঘটনার বিস্তারিত অনুযায়ী, বিক্ষোভ মিছিল নিয়ে যন্তর মন্তরের দিকে অগ্রসর হওয়ার আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের আহবানে দিল্লির একটি রেস্তোরাঁয় বৈঠকে বসেন বিরোধী জোটের নেতারা। নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকের দাবি ও ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনার পর তারা বাসে চড়ে যন্তর মন্তরের উদ্দেশ্যে রওনা হন।
তবে যন্তর মন্তরে পৌঁছানোর আগেই বাস থেকে নেমে বিরোধী এমপিরা পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের পথরোধ করে। এ সময় পুলিশের সাথে বিরোধী নেতাকর্মীদের ব্যাপক ধস্তাধস্তি হয়। ‘ভোট চুরি’ ও নির্বাচন কমিশনের ‘স্বেচ্ছাচারী মনোভাবের’ বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি পুলিশের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচিতে হেনস্তার অভিযোগ এনে প্রিয়াঙ্কা গান্ধীসহ নারী এমপিরা রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে রাহুল গান্ধীসহ শীর্ষ নেতাদের জোরপূর্বক আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়।
এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, যন্তর মন্তর সংলগ্ন এলাকায় পূর্বাহ্নেই ১৬৩ ধারা জারি করা হয়েছিল, ফলে সেখানে কোনো ধরনের আইনি জমায়েতের সুযোগ ছিল না। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার শচিন শর্মা দাবি করেন, আইনশৃঙ্খলার স্বার্থেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বিরোধী এমপিদের সাথে যথাযথ প্রশাসনিক আচরণ করা হয়েছে।
সূত্র: এবিপি
এআইএল/সকালবেলা