ফেনীতে খোলা খাবার বিক্রিতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশ
এম. জহিরুল হক মিলন (ফেনী প্রতিনিধি): ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি ও হালিমসহ নানা ধরনের খোলা খাবার বিক্রি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের অভিযোগ, বিদ্যালয়গুলোর আশপাশের ভ্রাম্যমাণ দোকানগুলোতে সম্পূর্ণ খোলা ও অপরিচ্ছন্ন অবস্থায় খাবার রাখা হয়। ধুলাবালি ও নোংরা পরিবেশে এসব প্রস্তুত ও পরিবেশন করায় খাবারের মান এবং ব্যবহৃত পানির বিশুদ্ধতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
জেলা প্রশাসকের এই কঠোর নির্দেশনার পরই বুধবার (৭ অক্টোবর) ফেনী সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন এলাকায় পরিদর্শনে যান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ শামছুল আরেফিন। এ সময় তিনি ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার প্রস্তুতির তাগিদ দেন এবং অস্বাস্থ্যকর পরিবেশ পরিহারের দিকনির্দেশনা প্রদান করেন।
অভিযানের সময় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল সরকার, সহকারী প্রধান শিক্ষক মো. ইব্রাহিম রহমানী ও ফেনী পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারাহ দিবা খানম উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক বিপুল সরকার জানান, নোংরা পরিবেশে তৈরি খাবার খেয়ে অনেক শিশু শিক্ষার্থী প্রায়ই ক্লাসে পেটব্যথায় আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরতে বাধ্য হয়।
জেলা প্রশাসন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের খাবারের মান ও নিরাপত্তা নিয়মিত তদারকির জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ফেনী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ শামছুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করার পাশাপাশি অভিভাবকদেরও নিজেদের সন্তানদের এসব খোলা খাবার গ্রহণ থেকে সতর্ক রাখতে হবে।
সংশ্লিষ্টদের মতে, কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে শুধু সাময়িক অভিযানই যথেষ্ট নয়; বরং নিয়মিত পর্যবেক্ষণ, খাবারের মান পরীক্ষা এবং প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
এআইএল/সকালবেলা