মাদকবিরোধী অভিযানে ব্রাহ্মণপাড়া পুলিশের সাফল্য
সাইফুল ইসলাম ফাহাদ (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি): মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করে ধারাবাহিক অভিযান চালিয়ে সফলতার মুখ দেখেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত ছয় মাসে বিভিন্ন মাদক মামলায় ও সামারি ট্রায়ালের মাধ্যমে মোট ২৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার দেশীয় ও ভারতীয় মাদকদ্রব্য।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পারফরম্যান্স প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ৫ মাসে থানায় নিয়মিত মামলা রুজু হয় ১৬৩টি, যার মধ্যে ১৫৭টি মামলা ইতোমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে। এসব নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১৪০ জনকে। এছাড়া সেপ্টেম্বর মাসে কেবল মাদক সেবনের দায়ে আরও ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর পাশাপাশি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের দমনেও সক্রিয় ছিল পুলিশ।
বিগত ৬ মাসের অভিযানে উদ্ধারকৃত মাদকের বিবরণী থেকে জানা যায়: ৩৬৬ কেজি গাঁজা, গাঁজা গাছ, ৪৯০ পিস ইয়াবা ও ৮ হাজার ২০০ পিস ভারতীয় বিড়ি। প্রচুর পরিমাণ ইয়াবা, দেশীয় চোলাই মদ, ফেনসিডিল/কাশির সিরাপ, ৮০ বোতল হুইস্কি ও ৩২ কেজি গাঁজা। ৩০৮ পিস ইয়াবা, ১৫ বোতল হুইস্কি, ৪৫ বোতল কাশির সিরাপ, ১৯ বোতল বিয়ার ও ১২৯ কেজি গাঁজা। ২৫০ পিস ইয়াবা, ৭৭ কেজি গাঁজা ও ৮ হাজার ২০০ পিস ভারতীয় বিড়ি।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, পাঁচ মাসে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১১২ জন মাদকসেবী ও কারবারিকে সাজা দেওয়া হয়েছে। নিয়মিত পুলিশি অভিযানের কারণে এলাকায় অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, "মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। কোনো মাদক কারবারি বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে।"
এআইএল/সকালবেলা