ফেনীতে ডেঙ্গু আক্রান্ত ১,৮৩০ জন: ৭৫ শতাংশই ফেনী সদরে, ২৩ দিনে শনাক্ত ৪৮৩
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ
এম. জহিরুল হক মিলন ,ফেনী প্রতিনিধি: ফেনীতে ডেঙ্গুর সংক্রমণ কমার লক্ষণ নেই; বরং নভেম্বর মাসেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩০ জন। তাঁদের মধ্যে প্রায় ৭৫ শতাংশই ফেনী সদর উপজেলার বাসিন্দা। গত বছর পুরো জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ২০১ জন। সে হিসাবে গত বছরের তুলনায় এ বছর আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৯ গুণ।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৪১ জনের। এ সময়ে ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়; শনাক্তের হিসাবে পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার প্রায় ২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৩৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং দুজন বেসরকারি ব্যবস্থাপনায় ডেঙ্গু শনাক্ত হয়েছেন। উপজেলা হিসাবে সবচেয়ে বেশি ১৯ জন আক্রান্ত হয়েছেন সোনাগাজীতে। এ ছাড়া ফেনী সদরে ১৭ জন, দাগনভূঞায় ৩ জন এবং ছাগলনাইয়ায় ২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে; তবে পরশুরাম ও ফুলগাজীতে নতুন কোনো রোগী পাওয়া যায়নি।
উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ফেনী সদর উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। এ ছাড়া সোনাগাজীতে ১৯১ জন, দাগনভূঞায় ১১৯ জন, ছাগলনাইয়ায় ৯৪ জন, পরশুরামে ৩৭ জন এবং ফুলগাজীতে ২৩ জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে জেলার মোট আক্রান্তের প্রায় চারজনের মধ্যে তিনজনই ফেনী সদর উপজেলার।
এদিকে চলতি বছরে সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ১ হাজার ১০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। ডেঙ্গু পরীক্ষার জন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে ২ হাজার ২৩৮টি কিট মজুত রয়েছে।
ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ছাদসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে এবং জ্বর দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ফেনীতে ডেঙ্গুর সংক্রমণ এখনো মূলত সদর উপজেলাকেন্দ্রিক হলেও সোনাগাজীতে এক দিনে সর্বোচ্চ নতুন রোগী শনাক্ত হওয়ায় অন্য উপজেলাগুলোতেও সতর্কতা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।