বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ণ
বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি: সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। 

রোববার (২২ নভেম্বর) বিকেলে মনিহার এলাকা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, শেখ হাসিনার অনুসারীদের একটি অংশ গোপালগঞ্জে সাধারণ মানুষের ঘরবাড়ি ও থানায় লুটপাট চালিয়েছে এবং তিনজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। তাঁদের মতে, ঘরবাড়ি লুটপাট, অগ্নিসংযোগ কিংবা বোমাবাজি করে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না।

বক্তারা আরও বলেন, বিগত ১৭ বছর যশোরসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ত্রাস ও নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছিল এবং তারা এখনো প্রকাশ্যে চলাফেরা করছে। অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তারা পাড়া-মহল্লায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ অনেকে।

এআইএল/সকালবেলা