ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: জানালেন মাহদী আমিন

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ণ
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: জানালেন মাহদী আমিন
মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক: মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মাহদী আমিন বলেন, "আমরা চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথচলা সবাই কাঁধে-কাঁধ মিলিয়ে বাস্তবায়ন করব।"

তিনি আরও বলেন, বৈঠকে দেশের মানুষের স্বার্থ ও জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। পলাতক স্বৈরাচারের অপশক্তি দেশের বাইরে অবস্থান করেও যাতে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে জানিয়ে মাহদী আমিন বলেন, "পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। আজকের মতবিনিময়ের মাধ্যমে সেই ঐক্যের বার্তা সবার কাছে পৌঁছে দিতে চায় সরকার।"

২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ ও মত-পথের মানুষ একত্রিত হয়েছিল। তারা এমন একটি বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা পোষণ করেছিল, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে; আজকের বৈঠকে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে।

মাহদী আমিন বলেন, "১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম। আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা, মানবাধিকার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে 'সবার আগে বাংলাদেশ' নীতির প্রতিফলন ঘটিয়ে দেশের স্বার্থ, সার্বৌমত্ব ও গণমানুষের অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।" আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টিকে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকা প্রয়োজন বলে জানান তিনি।

এনসিপির সঙ্গে নতুন করে ঐক্য গঠনের কোনো বিষয় রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল; তখন কেউ কার রাজনৈতিক আদর্শ কী, তা বিবেচনা করেনি। দেশে-বিদেশে সব শ্রেণি-পেশার মানুষ একটি স্বাধীন, সার্বভৌম ও তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল। রাষ্ট্রের সব ক্ষমতার মালিক একমাত্র জনগণ—এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্রকামী মানুষের মধ্যে ইতোমধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকার সেই ঐক্যকে আরও সুসংহত করতে চায়।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও বলেছেন, বিএনপি নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে যে অঙ্গীকার করেছে, তা নোট অব ডিসেন্টসহ শতভাগ বাস্তবায়ন করা হবে; এ ক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি হবে না। সংস্কারকে একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি জানান, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে এবং সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক প্রায় শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয় এবং ৪৫ মিনিটের বৈঠকটি শেষ হয় দুপুর ২টা ৫ মিনিটে (সূত্রের তথ্য অনুযায়ী)। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী এনসিপি নেতাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে; সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেছে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।