পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা চলছে
নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব কার্যালয়ে এ সভা শুরু হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সভায় তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে তাঁদের লিখিত প্রস্তাব জমা দেবেন। এরপর শিল্প খাতের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।
এদিকে নিম্নতম মজুরি বোর্ড কার্যালয়ের সামনে আজ সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছে গার্মেন্টস শ্রমিক পরিষদ। তাঁদের দাবি, পোশাকশ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা এবং অন্যান্য জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াকে এ দাবির প্রধান কারণ হিসেবে তুলে ধরছেন আন্দোলনকারী শ্রমিকরা।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাঁদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করেছিল। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন। ওই প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি অফিস স্টাফ বা কর্মচারীদের জন্য প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।
দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাঁদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য তাঁরা সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। এর আগে ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সভায় উভয় পক্ষকে প্রস্তাব তৈরির নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১৬ নভেম্বর তৃতীয় সভার তারিখ নির্ধারিত থাকলেও অনিবার্য পরিস্থিতিতে তা স্থগিত হয়ে আজ ২৩ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের নভেম্বরে ঘোষণার পর ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।
নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী এবং নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বোর্ডে রয়েছেন।