খাস জমি কাণ্ডে কলাপাড়ার সাবেক ইউএনওর লঘুদণ্ড
আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৭২ একর সরকারি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত অনিয়ম ও জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত সাবেক ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হককে লঘুদণ্ড দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৫ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই শাস্তির নির্দেশ দেওয়া হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর এক বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ২০২২ সালে কলাপাড়ায় দায়িত্ব পালনকালে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ৭১ দশমিক ৬৩ একর খাস জমি ৪২টি ভুয়া কবুলিয়তের মাধ্যমে হস্তান্তরের ঘটনা ঘটে। তৎকালীন সময়ে ইউএনও'র পাশাপাশি তিনি সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বে ছিলেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা না করেই এসব নথিপত্রে স্বাক্ষর করায় সরকারের বড় ধরনের আর্থিক ক্ষতি ও প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা দেয়।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরবর্তীতে ২০২৫ সালে ওই কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় মামলা করা হয়।
ব্যক্তিগত শুনানি এবং তদন্ত কর্মকর্তার অনুসন্ধানে নথিপত্রে বড় ধরনের অসামঞ্জস্য ও দৃশ্যমান কাটাছেঁড়ার প্রমাণ মেলে। দায়িত্ব পালনে গুরুতর অবহেলার বিষয়টি চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় সাবেক এই ইউএনওর বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হলো।
এআইএল/সকালবেলা
|