ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: আগামী বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মৌলভীবাজারের শেরপুর এলাকায় আসছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন তিনি শেরপুরের আইনপুর মাঠে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী চলমান সফরের অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর শীর্ষ নেতৃত্বের এই আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কর্মযজ্ঞ পরিলক্ষিত হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন। সফরসূচি অনুযায়ী, বুধবার রাতে আকাশপথে তিনি সিলেটে পৌঁছাবেন এবং পরদিন বৃহস্পতিবার সকালে মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং দুপুর ১টা থেকে ২টার মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে দিনের দ্বিতীয় জনসভায় যোগ দেবেন। মৌলভীবাজারের কর্মসূচি শেষে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরেকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
মৌলভীবাজার জেলা বিএনপি নেতাদের দাবি, এই জনসভায় জেলাজুড়ে অন্তত লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। শেরপুর এলাকাটি ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় মৌলভীবাজারের পাশাপাশি হবিগঞ্জের নবীগঞ্জ এবং সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার একাংশের নেতাকর্মীরাও এই সমাবেশে অংশ নেবেন। বর্তমানে জনসভাস্থলে মঞ্চ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন। উল্লেখ্য, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও মৌলভীবাজারের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসভা করেছিলেন।
মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন সোমবার জানান, শেরপুরের জনসভার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নেতাকর্মীরা নিয়মিত সভা করছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় রেখে কাজ চলছে। আমরা বড় ধরনের লোকসমাগম আশা করছি। অন্যদিকে, নিরাপত্তার বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, জনসভাটি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে লক্ষে পুলিশের পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে এবং পুরো বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ