ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কালীগঞ্জ সমাজসেবা অফিসে জনবল সংকট, সেবাপ্রার্থীদের ভোগান্তি
মানজুরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসে দীর্ঘদিন ধরে কর্মকর্তার পদ শূন্য এবং জনবল সংকট থাকায় সেবাপ্রার্থীরা ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন। অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা সপ্তাহে মাত্র দুইদিন অফিসে থাকায় নিয়মিত সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে অফিসের কার্যক্রম খুড়িয়ে খুড়িয়ে চলছে।
উপজেলা সমাজসেবা অফিস থেকে জানা যায়, সমাজসেবা কর্মকর্তার পদটি দীর্ঘদিন শূন্য। সহকারী সমাজসেবা কর্মকর্তা, উচ্চমান সহকারী এবং কারিগরি প্রশিক্ষক পদও খালি থাকায় কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
জানা যায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক বদলী হয়ে গেলে পদটি শূন্য হয়ে যায়। পরে জেলা সমাজসেবা অফিসের রেজিস্ট্রেশন অফিসার সুকান্ত সরকার দায়িত্ব গ্রহণ করেন। তিনি চলে যাওয়ার পর জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার জাহাঙ্গীর আলম অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর ২২ সেপ্টেম্বর ডাক্তারের স্বাক্ষরকৃত ৮টি ইউনিয়নের কিছু প্রতিবন্ধীর আবেদন বাতিল করেন এবং জরিপ চলাকালীন সময়ে এক প্রতিবন্ধীর সঙ্গে অশালীন আচরণ ও কাগজপত্র ছুড়ে ফেলার ঘটনা ঘটান। এ ঘটনায় হরিমাধব রায় লিখিত অভিযোগ দায়ের করেন, তবে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জনবল সংকটের কারণে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি, ক্ষুদ্রঋণসহ সরকারের বিভিন্ন সেবা কার্যক্রমে ভুক্তভোগীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফজলুল হক বলেন, শুধু কালীগঞ্জ নয়, জেলার আদিতমারী, হাতীবান্ধা ও পাটগ্রামে কর্মকর্তার পদ শূন্য রয়েছে। কালীগঞ্জে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তিনি সপ্তাহে তিনদিন অফিস করার নির্দেশ দিয়েছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আশা করা হচ্ছে শীঘ্রই সমস্যা সমাধান হবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ