ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পিরোজপুর প্রতিনিধি: ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যেই সরকার গণভোটের আয়োজন করেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার (১৯ জানুয়ারি) সকালে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “জনগণ যদি মনে করেন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে একটি নতুন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে দেশ এক ধাপ এগোতে পারে, তবে তারা সে অনুযায়ী রায় দেবেন। আসন্ন নির্বাচনে কেবল জনপ্রতিনিধি নির্বাচনই নয়, বরং রাষ্ট্র পরিচালনার চারটি মৌলিক বিষয়ে জনগণের সরাসরি মতামত গ্রহণের জন্য এই গণভোটের ব্যবস্থা রাখা হয়েছে। জুলাই সনদই হবে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি এবং নির্বাচিত প্রতিনিধিদেরও এর বাইরে যাওয়ার সুযোগ থাকবে না।”
নির্বাচনী তফসিল ঘোষণার পর সরকারের এমন প্রচারণার যৌক্তিকতা নিয়ে এক প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, “সরকার কোনো বিশেষ প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালাতে আসেনি। এটি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংস্কার ও গণভোটের গুরুত্ব তুলে ধরার জন্য সরকারের দায়িত্ব পালনের একটি অংশ।” তিনি আরও জানান, স্বাধীন পুলিশ কমিশনসহ বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ অধ্যাদেশের মাধ্যমে গ্রহণ করা হয়েছে এবং সংবিধানের গণবিরোধী ধারাগুলো সংশোধনের কাজও চলমান রয়েছে।
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, “সংবিধানে ক্ষমতা কুক্ষিগত করার যেসব ধারা ছিল সেগুলোই কেবল পরিবর্তন হবে। মৌলিক অধিকার কিংবা ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হবে—এমন আশঙ্কার কোনো ভিত্তি নেই।”
পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার মো. আবদুল মান্নান। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ