ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ: ময়মনসিংহ-৪ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী মোস্তাফিজুর রহমান রাজীব দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৪৬৭ ভোট পেয়ে জামানত হারানোর দুদিন পর তিনি এই সিদ্ধান্ত নিলেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর ‘ট্রিপল ট্রি’ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি গণসংহতি আন্দোলনের সকল দলীয় পদ ও কার্যক্রম থেকে অব্যাহতির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান রাজীব বলেন, “আমি দীর্ঘ দিন ধরে গণসংহতি আন্দোলনের সাথে রাজনীতি করে আসছি। আমি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। নির্বাচন-পরবর্তী বাংলাদেশে এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে। তাই ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, দলীয় পরিচিতি থেকে বের হয়ে আমি নতুনভাবে রাজনীতি শুরু করতে চাই।”
দলের প্রতি কোনো ক্ষোভ বা অভিযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, “আমি কোনো হতাশা থেকে এই সিদ্ধান্ত নেইনি। তবে এবারের নির্বাচনেও টাকার খেলা বন্ধ হয়নি এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়েও দুর্নীতি পুরোপুরি রোধ করা যায়নি, যা আমাকে আশাহত করেছে।”
অন্য কোনো দলে যোগ দিচ্ছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জানান, আপাতত কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা তাঁর নেই। তবে তিনি রাজনীতির মাঠেই থাকবেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে যাবেন।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান রাজীব ২০১৬ সালে গণসংহতি আন্দোলনের সাথে যুক্ত হন এবং ২০২১ সালে জেলা আহ্বায়কের দায়িত্ব পান। সর্বশেষ ২০২৫ সালে তিনি দলটির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন। সদ্য সমাপ্ত নির্বাচনে ‘মাথাল’ প্রতীক নিয়ে তিনি ৪৬৭ ভোট পান।
এম.এইচ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ