ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আরিফ হাজরা, কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সংসদ সদস্য নির্বাচিত হয়েই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার সন্ধ্যায় কোটালীপাড়ার উনশিয়া ভট্রের বাগানে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
অনুষ্ঠান চলাকালে রজগীনি কর্মকার নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা নবনির্বাচিত এমপির কাছে তাঁর বাড়িতে প্রবেশের রাস্তাটি সংস্কারের দাবি জানান। জবাবে এস এম জিলানী তাঁকে আশ্বস্ত করে বলেন, “আমি আপনার বাড়িতে প্রবেশের রাস্তাটি করে দিবো 'মা', এটা আমার দায়িত্ব।” এমপির এমন তাৎক্ষণিক প্রতিশ্রুতিতে উপস্থিত জনতা করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে এস এম জিলানী বলেন, “কোটালীপাড়ার হিন্দু ভাই-বোনেরা আমাকে যেভাবে ভোট দিয়ে ভালোবেসে আপন করে নিয়েছেন, আমি সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে চাই। আপনারা আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারি।”
ধর্মীয় অনুষ্ঠান শেষে তিনি উপজেলা সদরের কাজী মন্টু ফিলিং স্টেশনের পাশে দলীয় নেতাকর্মী আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন। সেখানে নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “ক্ষমতার দাপট দেখিয়ে কেউ অন্যায়-অত্যাচার করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমি নিজে অন্যায় করবো না এবং কাউকে অন্যায় করতে দেব না।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে ক্ষমতা চিরস্থায়ী নয়। ইতিহাস সাক্ষী দেয়, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরেও মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যেতে পারে। তাই ক্ষমতার অপব্যবহার থেকে দূরে থাকতে হবে। আমি এখন কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার সকল জনগণের এমপি, আমার কাছে এখন সবাই সমান।”
এ.এইচ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ