ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহে এক গৃহকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহকর্মীর নাম আয়েশা বেগম, তিনি ওই গ্রামের মৃত শওকত আলীর স্ত্রী।
আয়েশা বেগম অভিযোগ করেন, শুক্রবার তিনি বাড়ির অদূরে অবস্থান করার সময় একই গ্রামের নূর মোহাম্মদ নামের এক ব্যক্তি কোদাল দিয়ে তাঁর দুই পায়ে ওপর্যুপরি আঘাত করেন। হামলার সময় নূর মোহাম্মদ তাঁকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার কাছে না শুনে ভোট দিতে গেলি কেন?’ আহত আয়েশা নিজেকে ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থক এবং হামলাকারী নূর মোহাম্মদকে আওয়ামী লীগের কর্মী হিসেবে দাবি করেন।
জানা গেছে, ৩০ বছর আগে স্বামী হারানোর পর আয়েশা বেগম বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বর্তমানে তিনি ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। অর্থাভাবে প্রয়োজনীয় ওষুধপত্র কিনতে পারছেন না বলে কান্নায় ভেঙে পড়েন এই বৃদ্ধা।
ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ছোঁয়া ইসরাইল জানান, শুক্রবার বিকেলে আয়েশা বেগমকে হাসপাতালে আনা হয়। তাঁর ডান পায়ে গুরুতর জখম রয়েছে এবং বাম পায়েও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বি.এস/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ