ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, “আমি শুধু জামায়াতের এমপি নই, আমি জনগণের এমপি। আমি ক্ষমতার দাপট দেখাতে আসিনি, আপনাদের সেবক হয়ে থাকতে চাই।”
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হলেও এখন আমি সকল দল, মত, ধর্ম ও বর্ণের মানুষের প্রতিনিধি। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই আমার প্রধান দায়িত্ব। জামায়াত আমাকে মনোনয়ন দিয়েছে পুরো জাতির সেবা করার জন্য, শুধু নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়। তাই কাউকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করছি, আমি সবার এমপি।”
মতবিনিময় সভায় তিনি শরণখোলা ও মোরেলগঞ্জকে একটি উন্নত ও নিরাপদ জনপদে পরিণত করার প্রতিশ্রুতি দেন। এর আগে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন নির্বাচনী ও পরবর্তী সহিংসতায় আহতদের দেখতে যান। সেখানে তিনি অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেন এমন অপ্রীতিকর ঘটনা আর না ঘটে, সে বিষয়ে বিএনপি ও জামায়াতের তৃণমূল নেতাদের সতর্ক থাকার আহ্বান জানান।
শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন— উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, মাওলানা ওবায়দুল ইসলাম এবং ছরয়ার হোসাইন বাদল। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি নজরুল ইসলাম আকন, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাবেরা সুলতানা ও জাহিদ হোসেন হিমেল।
এন.আই/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ