ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রি: ২৫ কেজি মাংস জব্দ, কসাই পলাতক

ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রি: ২৫ কেজি মাংস জব্দ, কসাই পলাতক

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় খাসির মাংসের নামে কুকুরের মাংস বিক্রির চেষ্টার এক লোমহর্ষক ঘটনা প্রকাশ্যে এসেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজার সংলগ্ন তেতুলতলী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এ নিয়ে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবাড়ী বাজারের পরিচিত মাংস বিক্রেতা এনতাজুল কসাই ও তার সহযোগী দুলু মৌলভী দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে পশু জবাই করে দোকানে মাংস বিক্রি করে আসছিলেন। রোববার সকালে এনতাজুলের বাড়িতে একটি কুকুর জবাই করার দৃশ্য প্রতিবেশীরা দেখে ফেলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত এনতাজুল ও তাঁর সহযোগী দোকানে রাখা মাংস ফেলে রেখে পালিয়ে যান।

খবর পেয়ে ধামইরহাট থানার এসআই আবিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৫ কেজি মাংস জব্দ করে। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করেন যে, জব্দকৃত মাংসগুলো খাসির নয় বরং কুকুরের।

জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, “প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাংসগুলো যথাযথ প্রক্রিয়ায় মাটিতে পুঁতে ফেলা হয়েছে।”

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পুলিশ ঘটনাস্থল থেকে মাংস উদ্ধার করেছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

সচেতন মহলের মতে, খাসির নামে কুকুরের মাংস বিক্রি ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনের চরম লঙ্ঘন। এমন প্রতারণা জনস্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে। স্থানীয়রা দ্রুত এই অসাধু কসাই চক্রকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ.ইউ/সকালবেলা

মন্তব্য করুন