গাজীপুর-১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা

গাজীপুর-১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী মো. মজিবুর রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে ভোটারদের পক্ষ থেকে এক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় নবনির্মিত ‘বিজয় মঞ্চে’ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও গাজীপুর-১ আসনের নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়ক মো. হুমায়ুন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মো. মজিবুর রহমান।

সংবর্ধনা সভায় মজিবুর রহমান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “গাজীপুর-১ আসনের মানুষ ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিয়েছে। যারা তারেক রহমান ও খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ষড়যন্ত্রের মাধ্যমে হারিয়ে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।”

তিনি আরও যোগ করেন, “আমি নির্বাচনের মাঠ থেকেই সতর্ক করেছিলাম যে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার পথে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না। ভোটাররা ব্যালটের মাধ্যমে প্রমাণ করেছেন তাঁরা কার পক্ষে। এখন আমাদের মূল লক্ষ্য এই অঞ্চলের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।”

বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ এবং পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের ভোটাররা উপস্থিত ছিলেন।

এফ.আর/সকালবেলা

মন্তব্য করুন