ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, যশোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু করেছেন।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এই প্রার্থী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ১ লাখ ৩০ হাজার ৫৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাওলানা রশীদ আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী এম ইকবাল হোসেনকে বিপুল ব্যবধানে পরাজিত করেন।
নির্বাচন-পরবর্তী দুই দিন (শুক্র ও শনিবার) তিনি উপজেলার ঝাঁপা ইউনিয়নের রাজগঞ্জ বাজার, মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা ও বেলতলা চাকলা বাজার, চালুয়াহাটি ইউনিয়নের শয়লা ও নেংগুড়াহাট, শ্যামকুড় ইউনিয়নের চিনেটোলা বাজারসহ বিভিন্ন স্থানে পথসভা ও মতবিনিময় করেন।
রাজগঞ্জ বাজারে এক সমাবেশে অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, “মণিরামপুর দেশের অন্যতম বৃহৎ উপজেলা হলেও এখানে প্রশাসনিক কাঠামোর ঘাটতি রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাজগঞ্জ এলাকায় পূর্ণাঙ্গ থানা স্থাপনের যে অঙ্গীকার আমি করেছিলাম, তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেব।”
ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব বা মাদক কারবার বরদাশত করা হবে না। সে যেই দলেরই হোক, কোনো ছাড় পাবে না। আমার কাছে আওয়ামী লীগ-বিএনপি বিভাজন নেই; মণিরামপুরের প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন আমার দায়িত্ব।”
সরাসরি জনগণের দোরগোড়ায় গিয়ে এমপির এই আশ্বাসে মণিরামপুরবাসী নতুন দিনের আশার আলো দেখছেন। এলাকাবাসীর প্রত্যাশা, এই ধারাবাহিকতা বজায় থাকলে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
এ.এ.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ