ভূঞাপুরে জামায়াত অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

ভূঞাপুরে জামায়াত অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল এলাকায় জামায়াতে ইসলামীর একটি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মেঘারপটল এলাকায় অবস্থিত জামায়াত কার্যালয়টিতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় জামায়াত নেতাদের দাবি, ওয়ার্ড বিএনপি সভাপতি কাজলের নির্দেশে তাঁর ছেলে নাসির এবং সহযোগী সাখাওয়াত, রাসেল শিকদার, ইয়াসিন, শাহিন ও আজমান আলীসহ একদল লোক অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এর আগে কার্যালয়টিতে ভাঙচুরও চালানো হয়েছিল বলে তাঁরা অভিযোগ করেন। এই ঘটনার পর থেকে স্থানীয় জামায়াত কর্মী ও ভোটারদের মাঝে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

উপজেলা জামায়াতের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু জানিয়েছেন, “বিএনপির পক্ষ থেকে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব হাসান জানান, প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এস.জি/সকালবেলা

মন্তব্য করুন