ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এম. সাজ্জাদ শরীফ, আমতলী (বরগুনা): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বরগুনার আমতলীতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজনদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় আমতলী পৌরসভা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. কুদরতই খুদা। সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার ভোটারদের আশ্বস্ত করে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। স্বচ্ছ ব্যালট বক্সে দিনের আলোতেই ভোট হবে।” তিনি আরও বলেন, ভোটাররা কোথায় ভোট দেবেন তা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে কেউ যদি নির্বাচনের পরিবেশ নষ্ট করার বা শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তিনি সকল রাজনৈতিক দল ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. কুদরতই খুদা বলেন, “নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির সামান্যতম অবনতি ঘটানোর চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না।”
আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাফর আরিফ চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী এবং জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জেল হোসেন। সভায় গণভোটের কারিগরি ও সচেতনতামূলক বিষয়গুলো উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ