ইউএনও ও উপজেলা প্রশাসকদের প্রতি সরকারের জরুরি নির্দেশনা
স্টাফ রিপোর্টার: উপজেলা পরিষদের সাধারণ সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে সরকারের কাছে প্রেরণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সভার কার্যবিবরণীতে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধ এবং সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়ন অগ্রগতি অন্তর্ভুক্ত করার তাগিদ দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনাপত্র পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারা মোতাবেক পরিষদের প্রতিটি সভার কার্যবিবরণীর এক কপি সভা সম্পন্নের ১৪ দিনের মধ্যে সরকার ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে প্রেরণের বাধ্যবাধকতা রয়েছে।
চিঠিতে আক্ষেপ প্রকাশ করে বলা হয়, সাম্প্রতিক নথি পর্যালোচনায় দেখা গেছে অধিকাংশ উপজেলা পরিষদ সময়মতো সভার সিদ্ধান্ত ও বিবরণী পাঠাচ্ছে না। ফলে সরকারের অগ্রাধিকারমূলক জনকল্যাণমুখী প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি সঠিক সময়ে মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না।
এমতাবস্থায়, আইনের বিধান কঠোরভাবে মেনে নিয়মিত সভার কার্যবিবরণী স্থানীয় সরকার বিভাগে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে। অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর ক্ষেত্রে সচিত্র প্রমাণক (কাজের পূর্বের ও পরের মানসম্মত রঙিন ছবি) যুক্ত করে ই-মেইল ও হার্ডকপি আকারে সচিব, স্থানীয় সরকার বিভাগ বরাবর পাঠানোর জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা