১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন
এনপিবি প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০,৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪,০৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১,৫২৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয় করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১০টি নতুন, ২টি সংশোধিত এবং ১টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে। বরাদ্দের সিংহভাগই নগর অবকাঠামো, গ্রামীণ সড়ক যোগাযোগ, রেলওয়ে, সৌরবিদ্যুৎ ও সিটি করপোরেশনের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের চরম অনুমোদন দেওয়া হয়। সভায় স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদসহ মন্ত্রিসভার একাধিক সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যয় ধরা হয়েছে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে। ১,৩১০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় বাড়িয়ে প্রকল্পটির মোট ব্যয় ৭,০৩৯ কোটি ৩০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন জোনের সড়ক ও ড্রেনেজ উন্নয়নে ২,৫৮৬ কোটি ৯৯ লাখ টাকা এবং রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে ১,৬০২ কোটি ৭৯ লাখ টাকার নতুন প্রকল্প অনুমোদন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নে ৭৮৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।
গ্রামীণ অবকাঠামো ও পরিবহন খাতে সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁর গ্রামীণ যোগাযোগ উন্নয়নে ৩,৭৬৭ কোটি ৫০ লাখ টাকা এবং বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ ক্রয়ে ২,৭৬৯ কোটি ৮৬ লাখ টাকার অনুমোদন দেওয়া হয়। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ২,৪৯৮ কোটি ৮ লাখ টাকার প্রকল্প পাস করা হয়েছে।
এছাড়া বিআইডব্লিউটিসির জলযান সংগ্রহ ও স্লিপওয়ে নির্মাণ, ফ্রান্সের প্যারিসে চ্যান্সারি ভবন আধুনিকায়ন, পার্বত্য অঞ্চলের থানচি-লিকরি সড়ক সম্প্রসারণ এবং সমবায়ের মাধ্যমে নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গৃহীত প্রকল্প একনেক সভায় অনুমোদন লাভ করে।
এআইএল/সকালবেলা