ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় সহায়তার আশ্বাস ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে ‘মহান বন্ধু’ উল্লেখ করে জানিয়েছেন, যেকোনো ধরনের সাহায্য করতে তার দেশ প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ভেনেজুয়েলার ভূমিকম্প নিয়ে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই দুর্যোগকালে আমরা আমাদের নতুন এবং মহান বন্ধুদের পাশে আছি। আমি সরকারি সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।”
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্দাও এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, তারা ভেনেজুয়েলা সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং ত্রাণ ও সহায়তা কার্যক্রম সংগঠিত করছেন। এছাড়া ভেনেজুয়েলায় অবস্থিত মার্কিন দূতাবাস ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দুই ভূমিকম্পের মধ্যে ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড। এতে এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু এবং ৭০০ জনের বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানী কারাকাসসহ উপকূলীয় শহরগুলোতে ভবন ধসে পড়ার পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেল্লো জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগের সমন্বয়ে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই দ্রুত পদক্ষেপ ভেনেজুয়েলার ত্রাণ কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
জান্নাত সকালবেলা
|