প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠক
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের বন্যা ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে চলমান নদী খনন কর্মসূচির চিত্র তুলে ধরেন। তিনি বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রত্যাশা করেন। বিশেষ করে, বহুল আলোচিত তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা পাওয়ার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
চীনের পানিসম্পদ মন্ত্রী লি গোওইং বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ২০০৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের মাধ্যমে এই খাতে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা অত্যন্ত বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর হয়ে উঠেছে। পানি ব্যবস্থাপনায় চীনের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞদের চীনে প্রশিক্ষণ গ্রহণের প্রস্তাবও দেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষারত ও প্রবাসী কল্যাণবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বৈঠক শেষে চীনের পানিসম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি বই উপহার দেন। বাংলাদেশের নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থা ও নৌ-নেভিগেশনের উন্নয়নে এই বৈঠক একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
জান্নাত সকালবেলা
|