জীবনটা নিজের মতো করে নিতে হয়: মিমি
বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তার অভিনয় দক্ষতার পাশাপাশি ব্যক্তিত্ব দিয়েও ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। রূপালি পর্দার বাইরে নিজের যাপিত জীবনের নানা মুহূর্ত প্রায়ই তিনি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি ফল বাগানে কাটানো একগুচ্ছ ছবি শেয়ার করে নতুন করে নেটিজেনদের নজর কেড়েছেন এই তারকা।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা ছবিগুলোতে মিমিকে দেখা গেছে একদমই মেকআপহীন ও ক্যাজুয়াল লুকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনটা নিজের মতো করে নিতে হয়, শিখেছি এটা, সত্যি বলছি। কে কী করল, কে কী বলল তা না ভেবে, যেমনই হোক নিজের মতো করে আনন্দে চললে সব ভালো হতে বাধ্য। কারণ জীবন তো একটাই।’ তার এই ইতিবাচক জীবন দর্শন ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ছবিগুলোতে দেখা যায়, সবুজ গাছগাছালিতে ঘেরা এক মনোরম ফল বাগানে দারুণ সময় কাটাচ্ছেন মিমি। কোথাও তিনি জামরুল হাতে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন, আবার কোথাও সাদা টি-শার্ট পরে লেবু হাতে তুলেছেন কিউট সব সেলফি। আবার কখনো তাকে দেখা গেছে বাগানের কাঠের রেলিংয়ে বসে বেশ খোশমেজাজে সময় কাটাতে।
সব মিলিয়ে মিমির এই সাবলীল ও প্রাণবন্ত লুক ভক্তদের কাছে বেশ সমাদৃত হয়েছে। প্রিয় অভিনেত্রীকে এভাবে প্রকৃতির মাঝে ছন্দে খুঁজে পেয়ে নেটিজেনরা মন্তব্যের ঘরে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন।
জান্নাত সকালবেলা
|