রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ণ
রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

ইমাম হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের নদীর পাড় এলাকায় একই পরিবারের সদস্যদের ওপর প্রকাশ্য দিবালোকে নৃশংস হামলার ঘটনা ঘটেছে। চারজনকে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় মা ও দুই মেয়েসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম সায়েমা (২২) বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত অন্য দুই জন ও আহতদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে রায়পুর পৌর শহরের নদীর পাড় এলাকার একটি বসতবাড়িতে আকস্মিক ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। হামলায় ঘটনাস্থলেই তিন নারী রক্তাক্ত অবস্থায় ছটফট করে প্রাণ হারান। ঘটনার পর দুপুর সাড়ে ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় বাকি দুইজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

হত্যাকাণ্ড ঘটিয়ে পালানোর সময় বাড়ির ভেতর থেকেই রক্তাক্ত অস্ত্রসহ এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশ। তবে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজারো উত্তেজিত জনতা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা পুলিশের বাধা ভেঙে অভিযুক্ত যুবককে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়।

উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে এবং ঘাতককে রক্ষা করতে গিয়ে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গণপিটুনিতে গুরুতর জখম হওয়া ওই অভিযুক্ত যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুলিশ পাহারায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। কি কারণে এবং কেন এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। অভিযুক্ত যুবক পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ এবং নিহতের স্বজনদের সাথে কথা বলে ঘটনার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন