চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারিত্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারিত্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বেইজিংয়ের ‘দিয়াওইউতাই’ হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানান।

সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগ আকর্ষণে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে তার সরকার ১৮০ দিনের একটি কঠোর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মাধ্যমে সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা হচ্ছে। নতুন ব্যবসার লাইসেন্স এখন থেকে মাত্র ১৫ দিনের মধ্যে অনুমোদনের ঘোষণা দিয়েছেন সরকারপ্রধান।

চীনা ব্যবসায়ীদের আরও কার্যকর সেবা দেওয়ার লক্ষ্যে দেশটিতে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক ব্যবসার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পগুলোতে বিনিয়োগ করার জন্য চীনা উদ্যোক্তাদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এই সম্মেলনে চীনের প্রায় ১২৫ জন শীর্ষ ব্যবসায়ী অংশ নেন। সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা নিয়ে একটি বিশেষ উপস্থাপনা তুলে ধরেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন