যুক্তরাষ্ট্র চাপ দিলেও লেবানন থেকে সেনা সরাবে না ইসরাইল

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র চাপ দিলেও লেবানন থেকে সেনা সরাবে না ইসরাইল
ইসরাইল কাটজ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনের পক্ষ থেকে যতই চাপ বা দাবি আসুক না কেন, দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনাবাহিনী প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি সাফ জানিয়েছেন, সীমান্ত অঞ্চলে শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখানে সামরিক উপস্থিতি বজায় রাখবে তেল আবিব।

আজ বুধবার (২৪ জুন) স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে কাটজ বলেন, ইসরাইলের সামরিক অভিযানের কারণে বাস্তুচ্যুত হওয়া প্রায় দুই লাখ লেবাননি বাসিন্দাকে আপাতত ওই সীমান্ত এলাকায় ফিরে আসতে দেওয়া হবে না। তাঁর দাবি, অতীতে নিরাপত্তা অঞ্চল হিসেবে ব্যবহৃত এলাকাগুলোতে বেসামরিক জনগণের উপস্থিতির সুযোগ নিয়ে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে সড়কপথে বোমা হামলা ও অন্যান্য আক্রমণ চালানো হয়েছিল।

তিনি আরও বলেন, ‘অতীতের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ লেবাননে ইসরাইলের সামরিক অবস্থান বজায় রাখা হবে এবং এই মুহূর্তে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই। আমরা সেখান থেকে সরে যাচ্ছি না।’

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন লেবানন সীমান্ত পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনা-সমালোচনা চলছে। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ লেবাননে সেনা উপস্থিতি বজায় রাখার বিষয়ে ইসরাইলের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের সামগ্রিক কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল ও সংকটাপন্ন করে তুলতে পারে।

মন্তব্য করুন