টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় গোপাল চন্দ্র পণ্ডিত (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মলি (৫০) নামের এক নারী অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

আজ বুধবার (২৪ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার রতনগঞ্জ-বল্লা সড়কের কামার্থী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত গোপাল চন্দ্র পণ্ডিত কালিহাতী উপজেলার কামার্থী গ্রামের বৃন্দাবন চন্দ্র পণ্ডিতের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে রতনগঞ্জ থেকে বল্লাগামী একটি অজ্ঞাতনামা দ্রুতগতির ট্রাক একই দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে সামনে থাকা সাইকেল আরোহী গোপাল চন্দ্র পণ্ডিতকে চাপা দেয়। ট্রাক ও অটোরিকশার দ্বিমুখী ধাক্কার তীব্রতায় গুরুতর জখম হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

এই সংঘর্ষের সময় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে তালতলা এলাকার মলি (৫০) নামের এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। বাকি দুই যাত্রী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে জব্দ করা বা চালককে আটক করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন