খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় ও জানাজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ বুধবার (২৪ জুন) সূত্রের বরাত দিয়ে এনডিটিভিসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আগামী ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। তবে এই রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভারত ইরানকে তার বিস্তৃত প্রতিবেশী অঞ্চলের অংশ হিসেবে দেখে এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৪ ও ৫ জুলাই খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া শেষে ৬ জুলাই রাজধানীতে আনুষ্ঠানিক জানাজা ও শেষ বিদায়ের আয়োজন করা হবে। এই কর্মসূচির কারণে তেহরান প্রদেশে তিন দিনের সরকারি ছুটি কার্যকর থাকবে। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। তেহরানের অনুষ্ঠান শেষে ৭ জুলাই পবিত্র নগরী কুমে আরেকটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাঁকে দাফন করা হবে।
উল্লেখ্য, ইসলামি বিপ্লবের নেতা খামেনি প্রায় ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রথম দিন তিনি নিহত হন। তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে তাঁর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়েছিল।
|